গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৪ নম্বর গজারিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে সাফল্য অর্জন করেছে। অক্টোবর মাসে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমের মধ্যে গজারিয়া ইউনিয়ন পরিষদ সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গজারিয়া ইউনিয়ন পরিষদে প্রতি বৃহস্পতিবার নিয়মিত গ্রাম আদালতের কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের বিভিন্ন বিরোধ ও ছোটখাটো সমস্যা আইনসম্মতভাবে সমাধানের লক্ষ্যে এ আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গ্রাম আদালতের এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ৪ নম্বর গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খোরশেদ আলী খান (খুশু)। বিচারিক কার্যক্রমে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জিহাদুর রহমান মওলা, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ সাজু মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ আকবর হোসেন।
মামলার পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর মাসে গজারিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মোট ৫টি মামলা ছিল। অক্টোবর মাসে নতুন করে আরও ৩টি মামলা যুক্ত হয়। ফলে সেপ্টেম্বর ও অক্টোবর—এই দুই মাসে সর্বমোট ৮টি মামলার মধ্যে ৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। বর্তমানে মাত্র ১টি মামলা চলমান রয়েছে।
গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়েই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষ তুলনামূলক সহজে ও স্বল্প সময়ে প্রতিকার পাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে আদালতকেন্দ্রিক দীর্ঘসূত্রতা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতেও সহায়ক ভূমিকা রাখছে গ্রাম আদালত।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত বিচারিক কার্যক্রম পরিচালনা, জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবং মামলা নিষ্পত্তিতে আন্তরিকতার কারণে গজারিয়া ইউনিয়ন পরিষদের এ অর্জন সম্ভব হয়েছে। গ্রামীণ পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


