‘নিরাপদ সড়ক চাই, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাজিদা বেগম।
আলোচনা সভায় বিআরটিএ গাইবান্ধা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজল, মোটর মালিক সমিতির প্রতিনিধি মো. মুরাদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম বাদশা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) গাইবান্ধার প্রতিনিধি মো. বিপ্লব উপস্থিত ছিলেন। এ ছাড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।
সভায় সড়ক দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নির্ধারিত গতিসীমা অনুসরণ, চালকদের দায়িত্বশীলতা এবং পথচারীদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, চালক, শ্রমিক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।


