ঢাকাWednesday , 28 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনেই গড়ে উঠবে সুস্থ প্রজন্ম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Link Copied!

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Advertisement

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালায় আহমাদজাই। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি (ওআইসি) ড. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মেস।

Advertisement

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় সাবান দিয়ে হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেন তিনি।

ঢাকা শহরের পানির সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ পানি এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহ করা হয়।

Advertisement

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং ভূমিকম্পের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের একটি নতুন প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত রোদ ও ভিটামিন ডির ঘাটতির কারণে অনেকের মধ্যে ক্লান্তি দেখা দিতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণেও মনোযোগী হওয়া উচিত।

অনুষ্ঠানে অন্য অতিথিরাও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নিয়মিত স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানো হয়।

সূত্র: বিএনপি মিডিয়া সেলের (BNP Media Cell) ভেরিফায়েড ফেসবুক পেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar