বাগেরহাটের শরণখোলায় ১৪টি মাদক মামলার চিহ্নিত আসামি মো. আমিনুল খানকে (৪৬) ৪২ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ২৬ অক্টোবর (সোমবার) রাতে রায়েন্দা বাজারের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশের একটি দল উপজেলার রায়েন্দা বাজার এলাকার স্থানীয় বাসিন্দা ইলিয়াস তালুকদারের বাড়ির সংলগ্ন একটি ভাড়া বাসায় আকস্মিক অভিযান চালায়। এ সময় আমিনুলের বসতঘর তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আমিনুল খান এলাকার একজন তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ থেকে ১৬টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার শীর্ষ মাদক কারবারি ইলিয়াস তালুকদারের ছত্রছায়ায় আমিনুল ও তার স্ত্রী সুমী বেগম এ অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় শরণখোলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসা. রোকেয়া খানম জানান, “মাদক নির্মূলে শরণখোলা থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আটক আমিনুল একজন দীর্ঘদিনের চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে থানায় বহু মাদক মামলা রয়েছে। মাদকের মতো এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”


