বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌর শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টোর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত গণতান্ত্রিক আন্দোলন এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সব ধরনের ভেদাভেদ ভুলে তরুণদের সক্রিয়ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামিয়া হাইস্কুলের সামনে গিয়ে শেষ হয়।


