রেজাউন্নবী রাজু গাইবান্ধার একজন ক্ষুদ্র উদ্যোক্তা। সম্প্রতি তিনি ছোট্ট একটি মেশিন বসিয়ে পেপার প্লেট তৈরি শুরু করেছেন। কিন্তু তিনি শুরুতেই এক ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারকের খপ্পরে পড়ে দেড় লাখ টাকা খুইয়েছেন।
এই পেপার প্লেট তৈরির কাগজ আসে ঢাকা থেকে। রেজাউন্নবী রাজু প্লেটের পেপারের জন্য ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখেন। এই সূত্র ধরে কামরাঙির চরের আব্দুল কাশেম ভুঁইয়া ও সাহেরা বেগমের ছেলে বোরহানউদ্দিন ওরফে আকাশ ওরফে কাওসার আহমেদ নামের এক কথিত ব্যবসায়ীর ফাঁদে পড়ে যান।
ব্যবসায়িক আলাপের একপর্যায়ে সরল বিশ্বাসে ক্ষুদ্র উদ্যোক্তা রেজাউন্নবী রাজু প্লেটের পেপারের জন্য গত ৯ সেপ্টেম্বর বোরহানউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে দেড় লাখ টাকা পাঠান। পূবালী ব্যাংক, গাইবান্ধা প্রধান শাখা থেকে বোরহানউদ্দিন ওরফে আকাশ ওরফে কাওসার আহমেদের কথিত জেবি প্রিন্ট সলিউশন নামে ব্র্যাক ব্যাংক এলিফেন্ট রোড শাখায় দেড় লাখ টাকা আরটিজিএসের মাধ্যমে পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই তথাকথিত ব্যবসায়ী বোরহানউদ্দিন ওরফে আকাশ যোগাযোগ বন্ধ করে দেন।
তার মোবাইল ফোন নম্বর ০১৮৪৯৯-২৯৪০৪ ও ০১৬৩৬-৬২১৫৩৯। বাড়ির ঠিকানা—হাউস নং ৩৬/৪, রানী মার্কেট, আশরাফবাদ, কামরাঙির চর, ঢাকা।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় প্রতারক বোরহানউদ্দিন ওরফে কাওসার আহমেদের নামে একটি এজাহার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মোবাইল ফোনে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোনো তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
