গাইবান্ধা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কুইক রেসপন্স টিমের (কিউআরটি) কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো আকস্মিক পরিস্থিতি ও জরুরি ঘটনায় দ্রুত সাড়া দিতে বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইউনিটের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা করেন।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে সিআইডি, পিবিআই, হাইওয়ে পুলিশ, নৌ-পুলিশ ও রেলওয়ে পুলিশের সমন্বয়ে কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠন করা হয়েছে।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. জসিম উদ্দীন যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিভিন্ন পুলিশ ইউনিটের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে সর্বদা প্রস্তুত ও তৎপর থাকার ওপর গুরুত্বারোপ করেন।


