ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির নানিয়ারচর উপজেলার কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বিহার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন ফুরমোন আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও প্রধান ধর্মীয় গুরু ভদন্ত ভৃগু মহাস্থবির।
কঠিন চীবর দান উপলক্ষে অনুষ্ঠানের প্রথম পর্বে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান ও কল্পতরু দানসহ বিভিন্ন ধর্মীয় ও দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অন্যান্য দানের পাশাপাশি ভিক্ষুসংঘের উদ্দেশে কঠিন চীবর দান করা হয়।
অনুষ্ঠানে ধর্মীয় উপদেশ প্রদান করেন রত্নাংকুর বনবিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, প্রজ্ঞা মৈত্রী বনবিহারের অধ্যক্ষ বিমুত্তি স্থবির এবং তক্ষশীলা বনবিহারের অধ্যক্ষ করুণা বর্ধন মহাস্থবির।
এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন, সার্জেন্ট নাজিম উদ্দিন, কিনাপুতি জনবল বৌদ্ধ বিহারের উপদেষ্টা ভুতেশ্বর চাকমা, সভাপতি প্রীতি আলো চাকমা এবং সাধারণ সম্পাদক দীপ্তিময় চাকমা।
এ ছাড়া বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘের সদস্য, সরকারি কর্মকর্তা, বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক-উপাসিকা এবং আয়োজক কমিটির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।


