গাইবান্ধায় মাদ্রাসার এক কিশোরী আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলী ডাক্তারকে (৬৯) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ীর মোড় এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে ওই কিশোরীকে মাদ্রাসার আবাসিক শাখায় ভর্তি করা হয়। পরবর্তী সময়ে জীবিকার তাগিদে তার বাবা-মা ঢাকায় চলে যান। তবে প্রতি মাসে গাইবান্ধায় এসে মেয়ের খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাদ্রাসার খরচ দিয়ে যেতেন।
অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে থেকে মাদ্রাসার পরিচালক হাসান আলী ওই কিশোরীকে বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি কিশোরী তার বাবা-মাকে জানালে তাঁরা পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ আগস্ট শুক্রবার ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে মাদ্রাসাসংলগ্ন নিজ বাড়িতে ওই কিশোরীকে ডেকে নেন পরিচালক। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে হত্যা ও মরদেহ গুম করার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। এরপর কিশোরীর সঙ্গে তার বাবা-মায়ের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
পরে কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকায় থাকা বাবা-মাকে বিষয়টি জানায় ওই কিশোরী। ৩১ আগস্ট গাইবান্ধায় এসে মেয়ের কাছ থেকে ঘটনা জানার পর ১ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন তার বাবা।
এসআরবি-১৩ জানায়, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাত সাড়ে ১২টার দিকে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে শ্যামলী ট্রাভেলসের কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর হাসান আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


