পূর্বাচল এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও পুলিশের টহল কার্যক্রম গতিশীল করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) একটি গাড়ি দিয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সোমবার (২ নভেম্বর ২০২৬) পূর্বাচল এলাকার বড়কাউ পুলিশ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গাড়িটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও এলএফঅ্যান্ডপি) মো. মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক মতিউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রুহুল কবির হোসাইন, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্বাচল দ্রুত সম্প্রসারিত ও গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশি সেবা আরও কার্যকর করতে টহল কার্যক্রম বাড়ানো প্রয়োজন। নতুন গাড়িটি পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
পুলিশের জননিরাপত্তামূলক কার্যক্রমে সহযোগিতার জন্য অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।


