রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে নানিয়ারচর উপজেলার ইসলামপুর ভাই ভাই ক্লাব মাঠে অনুষ্ঠিত ২০তম আসরে টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপছড়ি ইউনিয়নের রোজ একাদশ ফুটবল ক্লাব। এতে রানার্সআপ হয়েছে কাউখালীর ড্রাভিয়ন এফসি ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শেখ নাইম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সম্পাদক রণ বিকাশ চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর জামাল হাওলাদার।
ভাই ভাই ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলম নিজামের সভাপতিত্বে এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নানিয়ারচর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, আয়োজক কমিটির মো. আবু জাফর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়েরা মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। খেলার প্রথম ও দ্বিতীয়ার্ধে গোল চোলে দেখেনি দুই দলই। পরে ড্রাভিয়ন এফসি ক্লাব কে ট্রাইব্রেকারের হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাপছড়ি রোজ একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও ট্রফি সহ পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকেরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। নানিয়ারচরে ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। নানিয়ারচরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় থাকলেও ভালো মানের কোন স্টেডিয়াম না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় ক্রীড়া প্রেমিরা। সরকারিভাবে নানিয়ারচরে একটি উন্নত মানের স্টেডিয়াম নির্মাণেও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।


