রাঙামাটির কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২৪ লিটার চোলাই মদ ও ২৬ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের কুমারকান্তি এলাকার সোনাই মিয়ার ছেলে মো. মনির হোসেনের কাছ থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকার রেশমি আক্তারের কাছ থেকে ২৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। পুলিশ তাঁদের দুজনকে মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া রাঙামাটির পুরাতন হাসপাতাল এলাকার সঞ্জিত দত্তের ছেলে শুভ দত্ত এবং ভেদভেদি এলাকার শহিদুল হকের ছেলে মো. মানিককে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁরা অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক হয়েছেন। মানিকের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
অন্যদিকে, রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের নিচের সড়ক থেকে আব্দুল খালেকের ছেলে মো. বাবলুকে আটক করা হয়। জনবিরক্তিকর কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বিধি অনুযায়ী তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।


