ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে প্রগতিশীল, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে।
বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে সমান মর্যাদায় দেখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।
আজ শনিবার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোকন উদ্দিন বাবুল বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একে অপরের অংশগ্রহণ সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাজীব সাকিব, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মঞ্জুর মণ্ডল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সুরেশ চন্দ্র দেব শর্মা, সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, কালীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সম্পাদক অধর কৃষ্ণ, কালীগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের সদস্যসচিব নন্দ কেশব রায় এবং আদিতমারী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায়।
এ সময় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


