প্রতি বছরের মতো এবারও নিজের জন্মদিন ঘিরে জমকালো আয়োজন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত ২৪ অক্টোবর জন্মদিন উদ্যাপনের পর বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সেই আয়োজনের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন তিনি।
‘একটু নাচ তো থাকতেই হয়!’—এমন ক্যাপশনে ভিডিওটি পোস্ট করার পরপরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ভিডিওটির ভিউ চার লাখ ছাড়িয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে হালকা সুরের গানের সঙ্গে এক ব্যক্তির সঙ্গে নাচে অংশ নিচ্ছেন পরীমনি। ভিডিওর শেষদিকে আরও কয়েকজন অতিথিকে সঙ্গে নিয়ে আনন্দ করতে দেখা যায় তাকে। পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকে বিভিন্ন মন্তব্যের পাশাপাশি অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
তবে ভিডিওতে পরীমনির সঙ্গে নাচতে দেখা যাওয়া ব্যক্তিকে ঘিরেই তৈরি হয়েছে বেশি কৌতূহল। জানা গেছে, ওই ব্যক্তির নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি পেশায় ড্যান্স কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন হাউজের উদ্যোক্তা। পরীমনির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
জন্মদিনের আয়োজনেই অবশ্য শুধু নাচের ভিডিও প্রকাশ নয়, নতুন সিনেমা নিয়েও সুখবর দিয়েছেন পরীমনি। পরিচালক তারেক রহমানের ‘ফারজানা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমাটির শুটিং এরই মধ্যে বেশ কিছুটা এগিয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।


