ঢাকাSaturday , 17 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আদনানের সঙ্গে অপুর রোমান্টিক ফটোশুট, নতুন সিনেমার ইঙ্গিত?

Link Copied!

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সাম্প্রতিক একটি ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। মডেল ও অভিনেতা আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অপু। ছবি প্রকাশের পর অনেকেই প্রথমে আদনানকে চিনতে না পারলেও পরে জানা যায়, প্রায় ১৮ বছর আগে অপুর সঙ্গেই নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন তিনি।

Advertisement

দীর্ঘ বিরতির পর পুরোনো এই জুটিকে নতুনভাবে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই ফটোশুট, নাকি এর আড়ালে রয়েছে নতুন কোনো সিনেমার পরিকল্পনা?

খোঁজ নিয়ে জানা গেছে, অপু বিশ্বাস ও আদনান আজাদকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই সম্ভাব্য কাজকে সামনে রেখেই তাদের সাম্প্রতিক ফটোশুট করা হয়েছে।

Advertisement

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস জানান, কাজের প্রয়োজনে সম্প্রতি তিনি কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছেন। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর দর্শকদের কাছ থেকে তুলনামূলকভাবে বেশি সাড়া পাচ্ছেন তিনি।

অপু বলেন, ছবিগুলো প্রকাশের ২৪ ঘণ্টাও পার হয়নি। এর মধ্যেই দর্শকদের কাছ থেকে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছেন। সামনে আরও ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন তিনি।

Advertisement

আদনান আজাদও আবার চলচ্চিত্রে নিয়মিত হওয়ার বিষয়ে আগ্রহী। তাকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন অপু। তার ভাষ্য অনুযায়ী, ফটোশুটের পেছনে ভবিষ্যতে দুজনের একসঙ্গে কাজ করার পরিকল্পনাও রয়েছে। বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণের ইচ্ছা রয়েছে আদনানের। এ জন্য দেশের বাইরের দক্ষ একটি টিম নিয়েও কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে বলে জানান অপু। শিগগিরই আদনানের সঙ্গে আবারও দেখা হওয়ার কথা রয়েছে। তখন সিনেমা নিয়ে আলোচনা আরও এগিয়ে যেতে পারে। তবে সিনেমাটির নাম, গল্প কিংবা শুটিং শুরুর সময় নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রায় ১৮ বছর আগে পরিচালক, প্রযোজক ও গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস ও আদনান আজাদ। ওই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের।

অপু ও আদনান দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকেই ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তারা। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অপু বিশ্বাস। অন্যদিকে আদনান অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি।

দীর্ঘ সময় পর আবারও দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় পুরোনো এই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোশুটের ছবি প্রকাশ করে আদনান অপু বিশ্বাসকে ‘প্রফেসর’ বলে সম্বোধন করেন। তিনি জানান, প্রায় ১৮ বছর আগে অপুর হাত ধরেই তার নায়ক হিসেবে পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর জীবনের নতুন অধ্যায়ের সূচনাও অপুর সঙ্গে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে অপু বিশ্বাসও ফটোশুটের ছবি প্রকাশ করে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দেন। তার পোস্টে এরই মধ্যে বিপুলসংখ্যক প্রতিক্রিয়া ও মন্তব্য এসেছে। অনেক দর্শকই পুরোনো এই জুটিকে আবারও বড়পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান আজাদের আরও একটি পরিচয় রয়েছে। তিনি বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত।

সব মিলিয়ে, ১৮ বছর পর অপু বিশ্বাস ও আদনান আজাদের এই ফটোশুট শেষ পর্যন্ত নতুন কোনো সিনেমার ঘোষণা নিয়ে আসে কি না, এখন সেটিই দেখার বিষয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar