নতুন সিনেমার শুটিং কিংবা অভিনয়ের ব্যস্ততার খবর আপাতত নেই অভিনেত্রী পূজা চেরির। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। নিয়মিতই নিজের ফটোশুটের ছবি প্রকাশের পাশাপাশি নানা ধরনের বার্তাও ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে একসঙ্গে প্রায় এক ডজন ছবি প্রকাশ করেন পূজা চেরি। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা যায় তাকে। রাতের আলোকসজ্জায় কোনো একটি ভবনের ছাদ ও বারান্দায় ছবিগুলো তোলা হয়েছে। ছবির সঙ্গে একটি বিশেষ বার্তাও দিয়েছেন তিনি।
পূজা লেখেন, ‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা।’ এরপর তিনি বোঝাতে চেয়েছেন, জীবনের কোনো এক পর্যায়ে পরিচিত মানুষের সংখ্যা কমে গেলে বা একসময়কার হাসি-আড্ডার জায়গায় একাকিত্ব চলে এলে সেটিকে ভয় পাওয়ার কিছু নেই। বরং এটি নিজের আলাদা পথ তৈরি করে সামনে এগিয়ে যাওয়ার ইঙ্গিতও হতে পারে।
পূজার নতুন সাজ ও ছবিগুলো ভক্তদের কাছেও বেশ প্রশংসা পেয়েছে। পোস্টের মন্তব্যঘরে অনেকে তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তার মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন, আবার কেউ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন নতুন সাজের ছবি প্রকাশের আবদার করেছেন।
এদিকে পূজা চেরিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য বেশ আগেই সম্পন্ন হয়েছিল। এরপর গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর দেননি এই অভিনেত্রী। এর মধ্যে তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জনও ছড়িয়েছে।


