ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভেনিসের পিয়াচ্ছা লে রোমা পুলিশ স্টেশনে গিয়ে তিনি মামলা করেন। এ সময় প্রায় তিন ঘণ্টা থানায় অবস্থান করেন এই অভিনেত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার ভিডিওতে যাদের উপস্থিতি দেখা গেছে, তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ আনা হয়েছে। মামলা দায়েরের সময় বাঁধনের সঙ্গে ছিলেন ইতালিতে বাংলাদেশের মিলান কনস্যুলেটের একটি প্রতিনিধিদল। পুলিশকে ঘটনার ভিডিওচিত্রও দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধন জানিয়েছিলেন, মামলা না করে তিনি ভেনিস ছাড়বেন না। একই পোস্টে তিনি জানান, সোমবারের ঘটনার পর ইতালির পুলিশ তাকে নিরাপদ একটি স্থানে পৌঁছে দেয়। বর্তমানে তিনি ভেনিসেই অবস্থান করছেন।
এদিকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার (প্রেস) সাংবাদিক গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, বাঁধনের সঙ্গে তার ফোনে বিস্তারিত কথা হয়েছে। তার দাবি, বাঁধন তিনজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলা করার সময় ইতালিতে বাংলাদেশের দূতাবাসের দুই কর্মকর্তা তার সঙ্গে ছিলেন। তাদের উপস্থিতিতেই ইতালীয় পুলিশের কাছে মামলার কার্যক্রম সম্পন্ন করেন অভিনেত্রী।
গোলাম মোর্তোজা আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের ভিডিও পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি ইতালির বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও বাঁধনের ওপর হামলার খবর প্রকাশিত হয়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান তিনি। উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে বাঁধনের ওপর হামলার বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেও পুলিশকে জানানো হয়েছে। একই সঙ্গে বাঁধন চাইলে ভেনিসে আরও কয়েক দিন অবস্থান করতে পারবেন এবং এ সময়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে উৎসব কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে।
মামলার কার্যক্রম চলমান থাকলেও চলচ্চিত্র উৎসব শেষ হওয়ার পর বাঁধনের ঢাকায় ফেরার কথা রয়েছে। ভবিষ্যতে মামলার প্রয়োজনে সাক্ষ্য দিতে তাকে আবার ভেনিসে যেতে হতে পারে। পুলিশ প্রয়োজন হলে পুনরায় আসতে বললে বাঁধন ‘অবশ্যই আসবেন’ বলে জানিয়েছেন বলে উল্লেখ করেন গোলাম মোর্তোজা।
এর আগে সোমবার রাতে ভেনিসে আজমেরী হক বাঁধনের সঙ্গে লাঞ্ছনা ও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।
