‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’ বিষয়টির পক্ষে ও বিপক্ষে শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন করে। এতে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয় এবং ইসলামপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাসানী। নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্ট্রাক্টর সরওয়ার কামাল।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রূপায়ন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ চাকমা, সহসভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. শাহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অ্যাডভোকেট স্মিথ চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
