দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গত বছরের নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সিদ্ধান্ত পাল্টে ফেলেছিলেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইমাদ তার সিদ্ধান্তের কথা জানান। ৩৬ বর্ষী এই ক্রিকেটার বলেন, বিশ্বমঞ্চে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। সবুজ জার্সি গায়ে পরার প্রতিটি মুহূর্তই আমার জন্য ভোলার নয়।

ভক্ত ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভাষ্য, আপনাদের অটুট সমর্থন, ভালোবাসা এবং আবেগই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। উত্থান-পতনের সময়েও আপনাদের উৎসাহ আমাকে আমাদের প্রিয় দেশের জন্য সেরা পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে।
যদিও এই অধ্যায় শেষ হচ্ছে, তবে আমি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগের মাধ্যমে ক্রিকেটে আমার যাত্রা আরও চালিয়ে যেতে আশাবাদী। নতুনভাবে আপনাদের বিনোদন দিতে চাই।

২০১৫ সালে পাকিস্তানের জাতীয় দলে ইমাদ ওয়াসিমের অভিষেক হয়। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালে এবং তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৪ সালের জুনে টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০১৭ সালে টি-২০ ক্রিকেটে আইসিসি ব়্যাংকিংয়ে বোলারদের তালিকায় তিনি শীর্ষে পৌঁছেছিলেন।
ওয়ানডেতে ৫৫ ম্যাচে ৯৮৬ রানের পাশাপাশি ৪৪ উইকেট নিয়েছেন। টি-২০তে ৭৫ ম্যাচে ৫৫৪ রানের পাশাপাশি নিয়েছেন ৬৫ উইকেট।
