‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, সচেতনতামূলক কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় রেড ক্রিসেন্টের সদস্যরা স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল ইসলাম, আজমির হোসেন, এ এস এম আরেফ বিল্লাহ ডাকুয়াসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত এবং সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।


