রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম আউটগোয়িং সড়কের কাঁচাবাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, ভোর ৫টার দিকে খবর পেয়ে সড়কের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাতে তিনি আরও জানান, রাতে কোনো একসময় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো গাড়ির নিচে চাপা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। এতে তার মাথা থেতলে যায়। তার পরনে ছিল লাল রঙের কামিজ ও হলুদ রঙের সালোয়ার।
এসআই আওলাদ হোসেন জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


