আসন্ন ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত আমরা কোনো বড় ধরনের শঙ্কা আশা করছি না। আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট এড়িয়ে ঢাকায় কীভাবে বিপুলসংখ্যক ককটেল আসছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহর অনেক বড় এলাকা। এখানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মোটরসাইকেল ব্যবহার করে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানতে চাইলে এসআরবি মুখপাত্র বলেন, এ বিষয়ে সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে এ ধরনের ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এসব তল্লাশির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


