রাঙামাটির নানিয়ারচরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত পল্টন চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাঁর পরিবারের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে নানিয়ারচর উপজেলার বাকছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন হরিনাথছড়া এলাকায় পল্টন চাকমার হাতে ঢেউটিন তুলে দেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান (পিএসসি)।
এ সময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান (পিএসসি) জানান, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পার্বত্য অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে নানিয়ারচর জোনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পল্টন চাকমার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও বসতবাড়ি পুনর্নির্মাণে সহায়তার উদ্যোগ নেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার।


