রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আগুন ধরিয়ে দেওয়া হয় সিটি করপোরেশনের গাড়িতেও। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা বলছেন, সিটি করপোরেশন থেকে উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আর এই আগুনে বাইতুল কুদ্দুস জামে মসজিদের নিচে থাকা ৬-৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সুমাইয়া জাগো নিউজকে বলেন, ‘পাশেই আমাদের বাসা। বাসার ওপর থেকে দেখছি। একটা গাড়ি আসছিল। ওই গাড়ি দিয়ে ভাঙচুর করার সময় গাড়ি দোকানের মালামাল টান দিলেই আগুন ধরে যায়।’
মো. আবুল হোসেন নামে আরেকজন বলেন, ‘ওপরে মসজিদ ছিল। নিচে দোকান। এগুলো তো ভাঙার দরকার ছিল না। এই দোকান উচ্ছেদ করতে গিয়েই দোকানে আগুন লাগছে। এই লাইনের সব দোকান ভেঙে দিছে।’


