শেরপুরে অনাহার-অর্ধাহারে দিন কাটানো অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী।
দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামের ৮০ বছর বয়সী সাজু শেখ ও তার ৭০ বছর বয়সী স্ত্রী নুরজাহান। খাবারের অভাবে কষ্টে দিন কাটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে বিএনপি নেতা হযরত আলীর।
রাত ১টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে যান তিনি। অসহায় বৃদ্ধ দম্পতির অবস্থা দেখে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরদিন হাসপাতালে গিয়ে অসুস্থ নারীকে হুইলচেয়ার দেন তার একমাত্র কন্যা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। পরে তাদের জন্য খাবার ও থাকার ব্যবস্থাও করা হয়।
চিকিৎসা শেষে বুধবার তাদের নিজ বাড়ি কামারিয়া ইউনিয়নে ফিরিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বৃদ্ধ দম্পতির ঘর মেরামত না হওয়া পর্যন্ত তাদের খাবার, চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্বও নিয়েছেন হযরত আলী।
এ বিষয়ে মো. হযরত আলী বলেন, ‘রাত ১টায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদের সঙ্গে দেখা করি। পরদিন হাসপাতালে আমার মেয়ের পক্ষ থেকে হুইলচেয়ার দেওয়া হয়। পরবর্তীতে খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা শেষ করে আজ তাকে কামারিয়া ইউনিয়নে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছি আমরা। তাদের বাসা মেরামত না হওয়া পর্যন্ত তারা আমাদের তত্ত্বাবধানেই থাকবেন।”
অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগে স্থানীয়দের মাঝেও প্রশংসা পেয়েছেন বিএনপি নেতা হযরত আলী।
