গাইবান্ধা শহরের পলাশপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন পলাশপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সুমন মিয়া (৩৩) এবং মৃত চাঁন মিয়ার ছেলে মো. আরিফুল (৩২)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সুমনের টিনশেড বাড়ির দক্ষিণমুখী একটি শয়নকক্ষ থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সুমন মিয়ার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং ১০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়। একইভাবে আরিফুলের পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১০ পুরিয়া কথিত হেরোইন উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
