ঢাকাTuesday , 25 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৩৭ বছর পর রাঙামাটির নানিয়ারচরে বেদখল প্লটের সীমানা চিহ্নিত

Link Copied!

রাঙামাটির নানিয়ারচরে দীর্ঘ ৩৭ বছর পর বেদখল হয়ে থাকা রেকর্ডভুক্ত জমির প্লটের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করেছে বাজার ফান্ড প্রশাসন।

Advertisement

সোমবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের প্রধান সড়কের পাশে বাজার ফান্ডের সার্ভেয়ার তাসোমনি চাকমা ও কানুনগো নির্মল কান্তি চাকমা ৫৩, ৫৫, ৫৯, ৬২, ৬৩ ও ৬৫ নম্বর প্লটের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ১৯৮৪-৮৫ সালে বন্দোবস্ত মামলা নং-১০৭/৮৪-৮৫ মূলে তৎকালীন বাজার ফান্ড প্রশাসক তাদের নামে এসব প্লট বন্দোবস্ত দেন। এরপর তারা বরাদ্দকৃত প্লটে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। কিন্তু ১৯৮৬-৮৭ সালে পরপর দুইবার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময়ে পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এবং প্লটের মালিকরা পুনর্বাসন এলাকায় বসবাস করায় বাজারে এসে প্লটগুলো দখলে নিতে পারেননি। পরে পার্বত্য অঞ্চলের অস্থিরতা ও রাজনৈতিক প্রভাবের কারণে প্লটগুলো বেদখল হয়ে পড়ে।

Advertisement

ভুক্তভোগীরা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের কাছে তারা অবৈধ দখলদার উচ্ছেদের আবেদন করেন। সেনাবাহিনী তাদের কাগজপত্র যাচাই করে বাজার ফান্ড কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেয়। সে অনুযায়ী তারা বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্লটগুলোর সীমানা চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ বিষয়ে কানুনগো নির্মল কান্তি চাকমা বলেন, আজ ৫৩, ৫৫, ৫৯, ৬২, ৬৩ ও ৬৫ নম্বর প্লটের সীমানা চিহ্নিত করেছি। এর মধ্যে ৫৫ নম্বর প্লটের জায়গা ডিমার্কেশনের সময় সুমন ও শিমু বাধা প্রদান করেন। আজকে ছয়টি প্লটের সীমানা চিহ্নিত করা হয়েছে। আমরা নিয়ম অনুযায়ী প্রতিবেদন দেব। পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

তিনি আরও জানান, বিশ্বজিৎ, প্রশান্ত কুমার চাকমা গং, বাবুল কর্মকার ও উজ্জল মিত্রসহ কয়েকজন এসব প্লট অবৈধভাবে দখল করে আছেন। তাই ডিমার্কেশন করা হলেও অবৈধ দখল থাকায় তাদের খালি জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি।

এ সময় নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, ভুক্তভোগী মো. জাকির হোসেন, আমির হোসেন, মো. ফোরকান, মো. উজ্জ্বল, জোবেদা খাতুন, মনসুর আলী, বাবুল আকন্দ ও বাজার ব্যবসায়ী ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বাজার ফান্ডের জায়গা সঠিকভাবে চিহ্নিত ও নিয়ন্ত্রণে না থাকায় এ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন পর বাজার ফান্ডের সীমানা চিহ্নিতকরণ কার্যক্রমের ফলে প্রকৃত জায়গা নির্ধারণ এবং ভবিষ্যতে জায়গা নিয়ে বিরোধ নিরসনের পথ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।