সাতক্ষীরায় লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে র্যাব-৬-এর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম অননুমোদিতভাবে ক্লিনিক পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি পরিচালিত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে অনুমোদনহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
