প্রবাসে বসে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন ৪০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৫৪ জন উত্তীর্ণ হয়েছেন। বিদেশের বিভিন্ন কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিত এ পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ০৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছর বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৩৫৪ জন পাস করলেও ৪৮ জন অকৃতকার্য হয়েছেন।

ফলাফলে আরও দেখা গেছে, বিদেশের দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া সব পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে একটি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।

