চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। অন্যদিকে জিপিএ-৫ অর্জন করেছে ৬ হাজার ১৭৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দাখিলসহ এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।


