গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও একজন কৌশলে পালিয়ে যায়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০) নামে দুইজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে রেজার কাছ থেকে ৫০ পিস এবং আয়নাল হকের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের সময় মো. আনারুল ইসলাম (৩৫) নামে আরও এক ব্যক্তি শয়নকক্ষের জানালা দিয়ে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
