চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুটি অভিযানে ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-৭ জানায়, গত ৬ ও ৮ আগস্ট পটিয়া থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, ৬ আগস্ট বিকেল ৬টা ২৫ মিনিটের দিকে পটিয়ার কচুয়াই ইউনিয়নের জুলুর দিঘীর পূর্বপাড় এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে কয়েকজন যাত্রী পালানোর চেষ্টা করেন।

পরে র্যাব সদস্যরা হামিদ হোছন (৫৬), তার মেয়ে রাশেদা আক্তার (২৮), মুন্নী আক্তার (৪৫) ও মরিয়ম খাতুন (৩২) নামে চারজনকে আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের ভ্যানিটি ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো পলিজিপার প্যাকেট থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
অন্যদিকে, ৮ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটের দিকে পটিয়ার হযরত শাহচান্দ আউলিয়া (রহ.) দরগাহ গেটের দক্ষিণ পাশে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বিপরীতে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে আরেকটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব।

রাত ৩টার দিকে একটি মিনি পিকআপ চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালক মো. জমির হোসেন (৩১)কে আটক করা হয়। পরে পিকআপের চালকের পাশের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা ছয়টি বান্ডেল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপটিও জব্দ করা হয়।
দুটি অভিযানে মোট ১৭ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদক ও জব্দ করা গাড়ি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।

