নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনক কুমার চাকমা স্থানীয় খামারপাড়া এলাকার মৃত ভূলক চন্দ্র চাকমার ছেলে। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার সময় অজ্ঞাত ব্যক্তিরা কনক কুমার চাকমার ওপর হামলা চালায়। এতে তার কপালে গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয় বলেও জানান স্থানীয়রা।
এ বিষয়ে নানিয়ারচর থানার এসআই জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে কনক কুমার চাকমার রুম ও আশপাশের এলাকা রক্তাক্ত অবস্থায় দেখি। পরে স্থানীয়দের কাছে জানতে পেরে নানিয়ারচর হাসপাতালে গিয়ে তাকে মদ্যপ অবস্থায় দেখতে পাই। ৪-৫ জন ব্যক্তি মদ পান করে এবং পরে তারা নিজেদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের কারণে কনক চাকমাকে মেরে অপরাধীরা পালিয়ে যায় বলেও ধারণা করেন তিনি।
এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
