প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ, ডিএসসি, এএম, সিএসসি।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের স্থলবাহিনীর পেশাগত দক্ষতা বাড়ানো, সামরিক প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ জোরদারের বিভিন্ন বিষয় উঠে আসে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।
বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার ও কার্যকর হবে।
