গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শনিবার (২১ নভেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও ইটভাটা সংলগ্ন একটি নির্মাণাধীন আধাপাকা ভবনের ভেতর থেকে এসব ককটেল ও পেট্রলবোমার সন্ধান পাওয়া যায়। পরে এসআরবি-১৩-এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেগুলো উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাদুল্লাপুর থানায় সাধারণ ডায়েরিমূলে জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


