জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে নানিয়ারচর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পক্ষের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ বলেন, কাপ্তাই লেকে মাছ আহরণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সরকারি বিধিবিধান মেনে মাছ আহরণের পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, জেলেদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যেকোনো প্রয়োজন ও সহযোগিতায় উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে তুতি মিয়া, বিনয় কৃষ্ণ খীসা ও গৌরব চাকমা—এই তিনজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সংলগ্ন জলাশয়ে অতিথিরা ১০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।
নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. কাইয়ুম হোসেন, নানিয়ারচর উপজেলা নাগরিক পরিষদের সভাপতি জলিল মিয়া, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড সুপারভাইজার কৃতিরাজ খীসা ঝিনুক।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্য চাষি ও সুফলভোগীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
