চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ওমানের মাস্কাট থেকে সালাম এয়ারের OV-401 ফ্লাইটে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। কাস্টমস হল থেকে স্ক্যানিং শেষে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তার লাগেজে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে লাগেজের ভেতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণের অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণের পিণ্ড এবং ৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।
আটক যাত্রীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকায় বলে জানা গেছে।
বিমানবন্দর কাস্টমস জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা।
স্বর্ণ পরিবহনের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক গোয়েন্দা বিভাগ মামলা করেছে।
