গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক মাসুদ রানা এবং সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব বিভাগের কর্মচারী গোলাম রব্বানী নিহত হন। পৃথক দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে উপজেলার দুটি পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার সাকোয়া ব্রিজসংলগ্ন মাঝিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গাইবান্ধা থেকে ঢাকাগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক মাসুদ রানা মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর চৌরাস্তা এলাকায় শিশুসন্তানকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ফাতেমা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা শিশুসন্তান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাব বিভাগে কর্মরত ছিলেন।
সাদুল্লাপুর থানার এসআই আবু তালেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
