গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে মোবাইল ফোনে ব্লগের ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে শাওন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালানোর পাশাপাশি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ব্লগ তৈরি করছিলেন শাওন। একপর্যায়ে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।
পরে স্থানীয় দুই ব্যক্তি তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, স্থানীয়রা রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত শাওন বগুড়ার মোকামতলা এলাকার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।
চলন্ত মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ বা ব্লগ করার মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, শাওনের মর্মান্তিক মৃত্যু তারই একটি সতর্কবার্তা।
