গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানোর সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা অভিযানকারী দলকে লক্ষ্য করে ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করেন। হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর, চকরহিমাপুর, চাঁদপুর খলসী, বোয়ালিয়া ও সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করার সময় বাঁধের ওপর থেকে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ অভিযানকারী দলের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঢিল ও গাছের ডাল নিক্ষেপ করেন।
ড্রেজার মেশিন ধ্বংসের সময় হামলায় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউএনওসহ অভিযানকারী দলের সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
