ঢাকাSaturday , 7 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণভোটের রায় না মানলে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না বিএনপি: নাহিদ ইসলাম

Link Copied!

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপি বর্তমানে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে।

Advertisement

শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলনকক্ষে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই জাতীয় সনদে শপথ না নিয়ে বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, গণভোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরিবর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে তা উপেক্ষা করা হচ্ছে।

Advertisement

অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, এর আগেও দেশে অনেকে ক্ষমতার জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেসব সিদ্ধান্ত কার্যকর হয়নি এবং সংশ্লিষ্টরাও ক্ষমতায় থাকতে পারেননি। বিএনপির ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে বলেও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।

আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা, নিষিদ্ধ করা এবং বিচারের মুখোমুখি করার দাবিতে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কী ধরনের পদক্ষেপ নিয়েছে, তা জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

Advertisement

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে আপস এবং বিভিন্ন স্থানে মামলা-বাণিজ্যের কারণে দলটির পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একধরনের সমঝোতার ইঙ্গিতও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দলটি স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে নিজস্ব প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তবে স্থানীয় সরকার নির্বাচন কতটা অবাধ ও নিরপেক্ষ হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিএনপি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রেখে যেকোনো মূল্যে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এ পরিস্থিতিতে এনসিপি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

এনসিপির নিজস্ব রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, দলটি একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। নিজস্ব আদর্শ ও গণতান্ত্রিক রাজনৈতিক দর্শন নিয়েই তারা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে।

জোটের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়; বরং নির্দিষ্ট এজেন্ডা ও নির্বাচনকে কেন্দ্র করে গঠিত একটি জোট। জোটের কার্যক্রমের পাশাপাশি প্রতিটি দল নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকে কাজ করছে।

এদিকে জামায়াতের সঙ্গে জোটসহ বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে এনসিপি নেত্রী সামান্তা শারমিনের পদত্যাগ প্রসঙ্গেও কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, পদত্যাগের সময় উত্থাপিত বিষয়গুলো নতুন নয়। নির্বাচনের আগে ও পরে এসব বিষয়ে দলের অবস্থান একাধিকবার পরিষ্কার করা হয়েছে।

তাঁর মতে, ব্যক্তিগত কারণ কিংবা রাজনৈতিক আদর্শের ভিন্নতার কারণে সামান্তা শারমিন পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে আলাদা কোনো সংকট হিসেবে দেখা হচ্ছে না। একই সঙ্গে তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এনসিপির আহ্বায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar