রাজধানীর ভাটারায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাসিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হাসিবুর রিধিকার প্রেমিক ছিলেন।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রিধিকার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
ওসি জানান, ঘটনার দিন রিধিকার মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে জানা গেছে। ওই সময় তাদের মধ্যে ভিডিও কলে কথা হচ্ছিল বলেও জানিয়েছে পুলিশ।
পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিত ছিলেন রিধিকা রিধি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
