পর্তুগালে আয়োজিত লাইভ কনসার্টকে কেন্দ্র করে বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমসের বিরুদ্ধে লিখিত চুক্তিভঙ্গ ও ব্ল্যাকমেইল করে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ তুলেছেন আয়োজক কর্তৃপক্ষ। কনসার্টটির যৌথ আয়োজনে ছিল সামাজিক সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’ এবং সংবাদমাধ্যম ‘নোটিসিয়াশ বাংলা’।
এ বিষয়ে কাজা দো বাংলাদেশ ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) বলেন: “নগর বাউল জেমস আমাদের সঙ্গে সম্পাদিত লিখিত চুক্তি ভঙ্গ করেছেন। শুধু তাই নয়, অনৈতিকভাবে ব্ল্যাকমেইল করে তিনি আরও অতিরিক্ত অর্থ দাবি করেন। দুটি প্রতিষ্ঠানের সম্মান ও ভাবমূর্তির কথা বিবেচনা করে আমরা এতদিন বিষয়টি জনসমক্ষে আনিনি। কিন্তু বর্তমানে লক্ষ্য করছি, বিভিন্ন স্থানে তিনি একইভাবে আয়োজকদের সঙ্গে অপেশাদার আচরণ করছেন।”
তিনি আরও বলেন, “জেমসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও সর্বজনশ্রদ্ধেয় শিল্পীর কাছ থেকে এ ধরনের প্রতারণামূলক আচরণ এবং ব্ল্যাকমেইল অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।”
