সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জাল নথি প্রস্তুত এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন সৈয়দ জগলুল পাশা। পরে বিমানবন্দর এলাকায় নজরদারি চালিয়ে রাত প্রায় ৮টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জগলুল পাশা রাজধানীর গুলশান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পারভেজ হত্যা মামলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’–সংক্রান্ত মামলা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া, ২০১৩ সালে রাজধানীর বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলার সঙ্গেও তার সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে জানিয়েছে ডিবি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
