ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্বোধনের প্রথম দিনটি বিশেষ অতিথি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এ সময় তিনি সেখানে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, বিভিন্ন নিদর্শন ও স্মারক পরিদর্শন করেন। এসব প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আন্দোলনের প্রেক্ষাপট এবং আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা হয়েছে।
সংস্কৃতিমন্ত্রী আরও জানান, আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই জাদুঘর দেশের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

