অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তি কয়েক ঘণ্টার মধ্যেই সংশোধন করেছে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ ছড়ানোর অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, সংশোধিত সংস্করণে সেই অংশটি বাদ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করে।
প্রথম বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ কিংবা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনও কি ‘অপপ্রচার’ হিসেবে বিবেচিত হবে? এ ধরনের ভাষা ব্যবহারের যৌক্তিকতা নিয়েও সমালোচনা করেন অনেকে।

সমালোচনার পর অল্প সময়ের মধ্যেই বিজ্ঞপ্তিটি সংশোধন করা হয়। ফেসবুকের সম্পাদনা (এডিট) ইতিহাসে দেখা যায়, বিজ্ঞপ্তির অধিকাংশ অংশ অপরিবর্তিত থাকলেও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিসংবলিত অনুচ্ছেদটি বাদ দেওয়া হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ দাবি করেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সংস্থাটির ভাষ্য, এ পর্যন্ত পাওয়া অতিরিক্ত বিলসংক্রান্ত সব অভিযোগ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

বিভাগটি আরও জানিয়েছে, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিক মনে হলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে দায়িত্বশীল আচরণ বজায় রাখারও অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন এলাকায় কয়েকজন গ্রাহকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ প্রকাশ্যে আসে। এর পরিপ্রেক্ষিতেই বিদ্যুৎ বিভাগ এ বিষয়ে ব্যাখ্যামূলক অবস্থান তুলে ধরে।
বিদ্যুৎ খাত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সময়মতো মিটার রিডিং সংগ্রহ না হওয়া, আনুমানিক রিডিংয়ের ভিত্তিতে বিল প্রস্তুত, তথ্য হালনাগাদে বিলম্ব, বিলিং চক্রের সমন্বয় কিংবা গ্রীষ্মকালে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ার মতো বিভিন্ন কারণে কোনো কোনো ক্ষেত্রে বিদ্যুৎ বিল তুলনামূলক বেশি আসতে পারে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রকৃত অভিযোগ থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
