চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামানও জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। পাশাপাশি দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd—থেকেও ফলাফল জানা যাবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সর্বশেষ পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে: SSC MAD ROLL YEAR। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট হবে: SSC TEC ROLL YEAR।
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এই চার্জের মধ্যেই প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
এবার পরীক্ষার্থী ১৮ লাখের বেশি
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে।
এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে এই আবেদন গ্রহণ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এদিকে শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড ও প্রকাশ করতে পারবে।
এছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এসএমএসের জন্য ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরেও ফলাফল জানা যাবে।

