যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে সিনেট, হাউজ ও গভর্নর নির্বাচন। অধিকাংশ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ফলাফল আসতে শুরু করেছে। বিবিসি, সিএনএন, আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ানের পূর্বাভাবে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেক ব্যবধানে এগিয়ে আছেন।
জানা গেছে, ঘোষণাকৃত ফলাফলে পশ্চিম ভার্জিনিয়া ও ওহাইওতে ডেমোক্রেটিক আসনের বিপরীতে রিপাবলিকানরা মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। যদিও গত চার বছর সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছিল ক্ষমতাসীন ডেমেক্রেটিক দল।
সবশেষ তথ্য অনুযায়ী ৪১টি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৫৩৮ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৭টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস পেয়েছেন ২১৬টি।
নির্বাচনটিতে জয়ী হতে প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়। সেই হিসাবে অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন ২৩টি এবং কমলা হ্যারিসের প্রয়োজন ৫৪টি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প উত্তর ক্যারোলিনা রাজ্যে কমলা হ্যারিসকে পরাজিত করেছেন। এ অবস্থায় রিপাবলিকান দল থেকে জানানো হয়েছে, একটি অসম্ভব রাজনৈতিক প্রত্যাবর্তনের অধ্যায় সম্পন্ন করতে এক ধাপ এগিয়ে যাওয়া হয়েছে তাদের। এরই মধ্যে জর্জিয়াতেও জয়ী হয়েছে রিপাবলিকানরা। আর মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনের জয়ের পথ সংকীর্ণ হওয়ায় এসব রাজ্যেও ট্রাম্পের জয়ের আশা করছে দলটি।


