ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় সঙ্গীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে ভবনের সপ্তম তলা থেকে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবকও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত তরুণীর নাম জননী। তিনি পেশায় সফটওয়্যার প্রকৌশলী এবং সোসিয়েতে জেনারেল ব্যাংকে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজিতে বসবাস করছিলেন।
আহত যুবকের নাম মনিচাভেলু। পুলিশ জানিয়েছে, তিনি জননীর বন্ধু। একটি সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তার বাড়িও পুদুচেরিতে।
পুলিশ ও প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে জননী ভবনের প্রান্তের দিকে এগিয়ে গিয়ে নিচে লাফ দেওয়ার চেষ্টা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশের ধারণা, লাফ দেওয়ার সময় জননী মনিচাভেলুকেও সঙ্গে টেনে নিয়ে যান। এতে দুজনই ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে যান।
ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়। অন্যদিকে, মনিচাভেলু প্রথমে একটি গাছের ডালে পড়ে পরে মাটিতে আছড়ে পড়েন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জননী ও মনিচাভেলুর মধ্যে কী নিয়ে বিরোধ হয়েছিল এবং কীভাবে দুজন একসঙ্গে সপ্তম তলা থেকে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
