ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সন্দ্বীপে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অপপ্রচারের অভিযোগে ইউএনও আমজাদ এর জিডি

Link Copied!

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তা ভিজিএফ (চাল) বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগে সন্দ্বীপ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে তিনি এই জিডি করেন, যার জিডি নম্বর ৭২২ এবং ট্র্যাকিং নম্বর G59MRA।

Advertisement

জিডি সূত্রে জানা যায়, ইউএনও আমজাদ হোসেন গত ৭ মে ২০২৬ তারিখে সন্দ্বীপ উপজেলায় যোগদানের পর থেকে দায়িত্ব পালন করে আসছেন। সন্দ্বীপ উপজেলা মৎস্য অফিসের কার্যালয়ের স্মারক নং-৬৬ (তারিখ: ০৬/১০/২০২৬) অনুযায়ী, সন্তোষপুর ইউনিয়ন পরিষদের আওতায় ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ভিজিএফ (চাল)-এর ডিও ইস্যু করা হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খাদ্য গুদাম থেকে চাল সংগ্রহ করে গত ২০ থেকে ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে তা যথাযথভাবে বিতরণ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট জেলে পরিবার বা ইউনিয়ন পরিষদ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগে উল্লেখ করা হয়, চাল বিতরণের এক মাসেরও বেশি সময় পর ১৯ নভেম্বর ২০২৬ তারিখে ‘সন্দ্বীপ সংযোগ’ নামক একটি ফেসবুক পেজ থেকে ইউএনওকে জড়িয়ে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হয়। জিডিতে ওই ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে ফসিউল আলম (৪০), পিতা-কামাল পাশা, সাং-সন্তোষপুর, ওয়ার্ড নং-০৫, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মো. সারওয়ার হোসেন জুয়েল ও মিশন মাওলাসহ স্থানীয় কয়েকজন অসাধু ব্যক্তির প্ররোচনায় এই অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

Advertisement

জিডিতে আরও অভিযোগ করা হয় যে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে তদবির ও দালালি করে ব্যক্তিগত ও আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। নতুন ভোটার করা বা ভোটার স্থানান্তরে অবৈধ সুবিধা না পেয়ে পূর্বে তিনি উপজেলা নির্বাচন অফিস ও নির্বাচন কর্মকর্তাকেও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন এবং তাঁর বিরুদ্ধে ২১/০৭/২৬ তারিখে সন্দ্বীপ থানায় জিডি নং-১১১৭ দায়ের করা হয়েছিল বলে উল্লেখ রয়েছে। পাশাপাশি ইউএনও কার্যালয়ে অবৈধ তদবিরে ব্যর্থ হয়ে সংক্ষুব্ধ হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগে বলা হয়।

সরকার ও সরকারি দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে চালানো এসব অপপ্রচারের বিষয়ে সংশ্লিষ্ট ফেসবুক আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

Advertisement

এ প্রসঙ্গে সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সারোয়ার হোসেন জুয়েল জানান, জেলেদের চাউল আত্মসাতের বিষয়টির সত্য তুলে ধরায় আমার বিরুদ্ধে জিডি করা হয়েছে এবং আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমার কি অপরাধ? আমি তালিকাভুক্ত জেলেরা ভিজিএফ পায়নি শুধু এ সত্যটুকু তুলে ধরেছিলাম।

সন্তোষপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবী, “ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময় জেলেরা খুব কষ্টে থাকেন। তাঁদের বরাদ্দ চাল নিয়ে কেউ কারসাজি করে থাকলে সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে কঠোর বিচার হওয়া উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar